হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ: মূলহোতা আশিকসহ অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

0
হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ: মূলহোতা আশিকসহ অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় গভীর রাতে অটোরিকশা থামিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী রাস্তার একটি নির্জন স্থানে এই বর্বর ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করতেই ওপারচর গ্রামের আশিকুর রহমান ও তার ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে।

অভিযুক্তরা জোরপূর্বক দম্পতিসহ অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে একটি নির্জন ইটের রাস্তার দিকে নিয়ে যায়। সেখানে স্বামী ও অটোরিকশা চালককে মারধর করে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে আটকে রেখে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি সহযোগীরা পাহারায় থেকে এই অপরাধে সহায়তা করে।

পরবর্তীতে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে দম্পতি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গত রাত সাড়ে ১১টায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই আমরা কঠোর আইনি পদক্ষেপ নিয়েছি। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের বিষয়ে কোনো ছাড় নেই।”

ওসি আরও জানান, প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ জড়িত অন্যদের শনাক্ত করা হয়েছে। পুলিশের একাধিক টিম বর্তমানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।