গাজীপুরে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
গাজীপুরে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। আজ শুক্রবার সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রামে বাপ্তা বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের প্রতিটি ফসলের মাঠে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরধানের খেতে একটি ধানও অবশিষ্ট নেই। ভেঙে শুয়ে পড়েছে। বহু বসতবাড়ির ঘরের চাল উড়ে গেছে। বেশিরভাগ বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে ঘরের উপর। আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন শাকসবজি খেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। কৃষক কৃষাণীদের তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, তিনটি গ্রামের একজন কৃষকও বাকি নেই যে সে ক্ষতিগ্রস্ত হয়নি। এতবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার ভাষা নেই। সকাল থেকে শতশত বিঘা জমি পরিদর্শন করে দেখলাম ব্যাপক ক্ষতি হয়েছে।