ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী, অভিযুক্ত নাজমা ‘সিরিয়াল অপরাধী’!

0
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী, অভিযুক্ত নাজমা 'সিরিয়াল অপরাধী'!

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে এক ভয়াবহ ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বঁটি দিয়ে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন তার ছোট স্ত্রী নাজমা খাতুন (৩২)। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এই পাশবিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইসমাইল গাজী (৪১) গত সোমবার রাতে খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমার সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতের দিকে নাজমা খাতুন পূর্বপরিকল্পিতভাবে ধারালো বঁটি দিয়ে ঘুমন্ত ইসমাইলের ওপর হামলা চালান এবং তার পুরুষাঙ্গ শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন।

ইসমাইলের গগনবিদারী চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, “আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

ঘটনার পর এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুন স্বামীর কর্তনকৃত অংশটি হাতে নিয়ে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হাজির হন। সেখানে উপস্থিত জনতা তাকে চিনে ফেলে এবং তাৎক্ষণিক আটকে রেখে পুলিশে খবর দেয়। শ্যামনগর থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

তদন্তে বেরিয়ে এসেছে নাজমা খাতুনের এক পিলে চমকানো অতীত। স্থানীয় সূত্রে জানা গেছে, এটিই তার প্রথম এমন অপরাধ নয়, ইতিপূর্বে ২০১৭ সালেও শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ একইভাবে কেটে দিয়েছিলেন এই নাজমা। সে সময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। সাত বছর পর আবারও একই কায়দায় নিজের স্বামীর ওপর এমন নৃশংস হামলায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, “অভিযুক্ত নাজমা খাতুন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কেন তিনি বারবার এমন অপরাধ করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন অমানবিক ও বীভৎস প্রতিশোধের ঘটনায় সাতক্ষীরা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।