মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডব: ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল মা ও দুই মেয়ের

0
মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডব: ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল মা ও দুই মেয়ের

জামালপুর প্রতিনিধিঃ প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় এক মর্মান্তিক শোকের ছায়া নেমে এসেছে। ঘুমান্ত অবস্থায় বসতঘরের ওপর বিশাল গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে।

নিহতরা সবাই একই ঘরের বাসিন্দা ছিলেন, খুকি বেগম (৬৫) মৃত গনি মণ্ডলের স্ত্রী। ফরিদা আক্তার (৪০) খুকি বেগমের বড় মেয়ে। ফতে আক্তার (৩৭) খুকি বেগমের ছোট মেয়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মা ও দুই মেয়ে ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড গতির কালবৈশাখী ঝড়ে ঘরসংলগ্ন একটি বিশাল মেহগনি গাছ উপড়ে যায়। ভারী গাছটি সরাসরি তাদের টিনের চালের ওপর আছড়ে পড়লে ঘরটি দুমড়েমুচড়ে যায়। এতে ধ্বংসস্তূপ ও গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

সকালে স্থানীয় বাসিন্দারা বিধ্বস্ত ঘরের অবস্থা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালিয়ে গাছের নিচ থেকে তাদের নিথর দেহগুলো বের করে আনা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “ঝড়ের কবলে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে প্রাণবন্ত একটি পরিবারের তিনটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় দাগী এলাকায় শোকের আবহ বিরাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝড়ের সময় গাছটির অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় এবং বাসিন্দারা গভীর ঘুমে থাকায় কেউ প্রাণ বাঁচানোর সুযোগ পাননি।

কালবৈশাখীর মৌসুমে বসতবাড়ির আশেপাশে থাকা জরাজীর্ণ বা বড় গাছগুলোর বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।