লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ৪

0
লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ৪

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বৌদ্ধ ভিক্ষু। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোবাসটি খাগড়াছড়ি থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “আমরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।”

হতাহতের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহত ও আহতরা সবাই খাগড়াছড়ি থেকে ধর্মীয় উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।