রাজবাড়ী প্রতিনিধিঃ পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ল বিশাল এক পাঙাশ, যার ওজন ২৫ কেজি। মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া মাছ বাজারে এই বিশাল মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, সোমবার দিবাগত শেষ রাতে এরশাদ হালদার ও তার সহযোগীরা পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। ভোরের দিকে জাল টানতে গিয়েই তারা বুঝতে পারেন বড় কোনো মাছ আটকেছে। জল থেকে টেনে তোলার পর দেখা যায় ২৫ কেজি ওজনের এক বিশালাকার পাঙাশ।
সকালে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে শুরু হয় উন্মুক্ত নিলাম। প্রতি কেজি ২ হাজার ৮৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৭১ হাজার ২৫০ টাকা।
মাছটি কেনার পর ব্যবসায়ী চান্দু মোল্লা খুব বেশি সময় অপেক্ষা করেননি। তিনি জানান “নদীর বড় পাঙাশের স্বাদই আলাদা, তাই বাজারে এর চাহিদা আকাশচুম্বী। আমি সামান্য লাভে কুষ্টিয়ার পোড়াদহে এক ক্রেতার কাছে মাছটি বিক্রি করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি অনলাইনেই বড় মাছের ক্রেতা পেয়ে যাই।”
দীর্ঘদিন পর নদীতে এত বড় মাছ ধরা পড়ায় জেলেরা উচ্ছ্বসিত। এরশাদ হালদার জানান, বড় মাছ ধরার আনন্দ যেমন আছে, তেমনি ভালো দাম পাওয়ায় তাদের পরিশ্রম সার্থক হয়েছে।

