মধ্যনগরে বাঁধ ভেঙে ইকরছড়া হাওরে ঢলের পানি: তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

0
মধ্যনগরে বাঁধ ভেঙে ইকরছড়া হাওরে ঢলের পানি: তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

আহমেদ কবিরঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপে একটি মাটির বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ইকরছড়া (এরনবিল) হাওর সংলগ্ন হামিদপুর গ্রামের পাশে মনাই নদীর তীব্র স্রোতে ‘জামখলা খাল’ বাঁধটি ধসে পড়ে। এতে মুহূতেই হাওরের বিস্তীর্ণ বোরো ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই হাওরের ওপর নির্ভরশীল হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও ও বাগারপাড়া গ্রামের কৃষকরা। প্রায় ২০০ একর জমিতে এবার বোরো আবাদ করা হয়েছিল। বাঁধ ভাঙার ফলে শতাধিক বিঘা জমির আধাপাকা ধান এখন পানির নিচে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল মিয়া জানান “গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত এই বাঁধটি ভেঙে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা এখন জীবনপণ চেষ্টা করছেন যতটুকু ধান সম্ভব দ্রুত কেটে ঘরে তোলার জন্য।”

পানি উন্নয়ন বোর্ডের (পউবো) দাবি, ধসে পড়া এই স্থাপনাটি মূলত কোনো পরিকল্পিত ‘ফসলরক্ষা বাঁধ’ নয়। এটি একটি জলমহালের অংশে নির্মিত মাটির রাস্তা ছিল, যা ঢলের পানির অতিরিক্ত চাপ সইতে না পেরে ভেঙে গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢলের কারণে জলমহালে পানি উপচে ফসলি জমিতে প্রবেশ করছে। তবে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে স্থানীয়ভাবে ধান কাটা ও বাঁধ মেরামতের কাজে সহায়তা করা হচ্ছে।

মাঠে থাকা কৃষকদের দাবি, তাদের অর্ধেকের মতো ধান কাটা শেষ হলেও বাকি অংশ এখন সম্পূর্ণ প্রকৃতির দয়ার ওপর নির্ভর করছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে অবশিষ্ট ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।