সুপ্রিম কোর্ট বারে চরম উত্তেজনা: আওয়ামীপন্থী প্যানেল ছাড়া নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি

0
সুপ্রিম কোর্ট বারে চরম উত্তেজনা: আওয়ামীপন্থী প্যানেল ছাড়া নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি

আদালত প্রতিবেদকঃ দীর্ঘ বিরতির পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্যানেলকে বাদ দিলে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সিনিয়র আইনজীবীরা।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বড় ধরনের কোনো প্রকাশ্য মিছিল ও সমাবেশ করল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

গত সোমবার (২৭ এপ্রিল) বারের এক তলবি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এর আগে তারা মনোনয়ন জমা দিলেও এই সিদ্ধান্তের ফলে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। এই সিদ্ধান্তকে ‘অগঠনতান্ত্রিক ও অসাংবিধানিক’ বলে দাবি করছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণহারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ছাড়া কোনো একপাক্ষিক নির্বাচন হতে দেওয়া হবে না। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে নেতৃত্ব দেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও আম্বিয়া রেজা বুলবুলসহ শতাধিক আইনজীবী।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে এই উত্তেজনা শুরু হয়েছে। একদিকে বারের বর্তমান নেতৃত্বের কঠোর অবস্থান, অন্যদিকে আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টা হুঁশিয়ারিতে আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। আগামীকালের সংবাদ সম্মেলন থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।