বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা: নিজেদের গুলিতেই প্রাণ গেল ডাকাতের

0
বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা: নিজেদের গুলিতেই প্রাণ গেল ডাকাতের

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে নিজেদের গুলিতেই সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই নাটকীয় ঘটনা ঘটে।

নিহত সাইফুল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িটি বর্তমানে তার আত্মীয় গিয়াস উদ্দিন দেখাশোনা করেন। মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণের সুযোগ নিয়ে একদল সশস্ত্র ডাকাত বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

দরজা ভাঙার শব্দে গিয়াস উদ্দিন জেগে ওঠেন এবং সাহসিকতার সাথে ভেতর থেকে দরজার গ্রিল চেপে ধরেন। একইসাথে তিনি চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে থাকেন। এ সময় ভেতরে ঢুকতে বাধা পেয়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই সহযোগী সাইফুলের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সহযোগীর মৃত্যু এবং গৃহকর্তার চিৎকারে পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা লাশটি ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ দক্ষিণ লঘাটি গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, “নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

প্রবাসী পরিবারটির সাহসিকতা এবং ডাকাত দলের অভ্যন্তরীণ ভুলের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাড়িটি। এলাকায় বর্তমানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।