নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের উৎসবে খাবার পরিবেশন নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই রণক্ষেত্রে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) উপজেলার লস্করদী সরকারবাড়ী গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বরপক্ষ কনের বাড়িতে পৌঁছানোর পর খাবার পরিবেশনে কিছুটা বিলম্ব হয়। এই দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে মৃদু উত্তেজনা এবং পরে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
কনেপক্ষের দাবি, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত লোক নিয়ে আসায় রান্নাকৃত খাবারে টান পড়ে। এ নিয়ে বাগবিতণ্ডা চলাকালীন মুহূর্তেই তা সহিংসতায় রূপ নেয়। বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষই একে অপরের ওপর চেয়ার, বাঁশ ও কাচের প্লেট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কাচের প্লেটের ভাঙা অংশ ও চেয়ারের আঘাতে দুই পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর জখম হন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে ঝামেলার জেরে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক ও পারিবারিক এই অনুষ্ঠানে এমন তুচ্ছ কারণে সংঘর্ষের ঘটনায় স্থানীয় সুধীমহল ক্ষোভ প্রকাশ করেছেন।

