টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে এক বিরল ও আনন্দের ঘটনা ঘটেছে। কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী বেগম নামের এক গৃহবধূ। পৃথিবীর আলো দেখা এই চার নবজাতকের মধ্যে একজন ছেলে এবং তিনজন কন্যা সন্তান।
সন্তানদের মা বিথী বেগম জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর স্ত্রী। পরিবারে একসঙ্গে চার নতুন অতিথির আগমনে বর্তমানে খুশির আমেজ বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব বেদনা নিয়ে বিথী বেগম কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) চেষ্টা করলেও পরবর্তীতে শারীরিক জটিলতা এড়াতে মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচারের (সিজার) সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচার শেষে চার নবজাতকের জন্ম হয়।
বর্তমানে মা ও চার সন্তানই বিপদমুক্ত এবং সুস্থ রয়েছেন। তবে অধিকতর নিরাপত্তার খাতিরে এবং জন্মের পর প্রয়োজনীয় সেবার জন্য নবজাতকদের হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (স্ক্যানু) রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ও ডেপুটি পরিচালক ডা. আলী আহসান জানান, “মা ও নবজাতক চারজনই এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক আছেন। আমাদের মেডিকেল টিম শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তাদের দ্রুত পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

