নিয়মিত টিকার পরিবর্তে ভুলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, আতঙ্কে শিশুর পরিবার

0
নিয়মিত টিকার পরিবর্তে ভুলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, আতঙ্কে শিশুর পরিবার

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকা দিতে গেলে ভুলে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন দিয়ে দেওয়া ঘটনা ঘটেছে। । এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন ঘটনায় জড়িদের বিচার দাবি করেছেন তারা । অন্যদিকে ভুলে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ( অব: প্রাপ্ত) মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন দেন। ভুল ভ্যাকসিন দেওয়ার পর তারা প্রতিবাদ করলে ভুক্তভোগীদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয় ।

ভুক্তভোগী শিশু ফাহিতা উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন ও মো. ফারুকের মেয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন বুধবার দুপুরে তার এক মাস বয়সী শিশু ফাহিতাকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের যান। এসময় দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক (অব:প্রাপ্ত) মোহাম্মদ কাইয়ুম হামের টিকার পরিবর্তে ওই শিশুকে দুই ডোজ জলাতঙ্কের র‌্যাবিক্স ভ্যাকসিন দেন। বিষয়টি কোন ভাবে প্রকাশ পেলে শিশুটির স্বজনরা এর প্রতিবাদ করে। স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম অবসর যাওয়ার পর সেখানে দায়িত্ব পালনের কথা ছিল সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম নুরুর। কিন্তু নুরুল ইসলাম হাসপাতালে না থাকায় অবসরে থাকা কাইয়ুমকে দিয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, ভুলে শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি অবসরে চলে গেছেন। তারপরও ভ্যাকসিন কার্যক্রম চালানোর জন্য তাকে অনুরোধ করে নিয়ে আসা হয়েছিল। তিনি আরো বলেন, এ টিকা প্রয়োগে শিশুটির কোন ক্ষতি হবে না।