শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় গৃহবধূ তাসলিমাকে হত্যা করে নিজ ঘরে ঝুলিয়ে রেখে সে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার (১৩ মে) সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। এদিকে ঘটনার পর থেকেই স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।
নিহত গৃহবধূ তাসলিমার বাবা একই গ্রামের তাহের মন্ডলসহ তার সজনরা জানান, প্রায় ৮ বছর পূর্বে তাসলিমার সাথে উজ্জ্বলের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। স্বামী উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে কারণে-অকারণে শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। একপর্যায়ে বুধবার ভোরে গৃহবধূ তাসলিমাকে হত্যা করে ঘরের ভিতর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায় শ্বশুরবাড়ির লোকজন।
এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তিনি জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বামীর দ্বিতীয় বিয়ে করার বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরও জানান নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

