ধানমন্ডিতে স্কুলছাত্রী অপহরণ: কক্সবাজার থেকে ভুক্তভোগী উদ্ধার, মূলহোতাসহ গ্রেফতার ২

0
ধানমন্ডিতে স্কুলছাত্রী অপহরণ: কক্সবাজার থেকে ভুক্তভোগী উদ্ধার, মূলহোতাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধিঃ রাজধানীর ধানমন্ডি থেকে দিনদুপুরে অপহৃত হওয়া ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে (১৫) সাতদিন পর সমুদ্রসৈকত শহর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করে র‍্যাব-১৫।

গত ৬ মে ধানমন্ডির ১৩/এ রোডে নিজ বাসার সামনে থেকে চাঞ্চল্যকর এই অপহরণের ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে ভুক্তভোগী শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এরপরই ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এএসপি আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অপহৃত শিক্ষার্থীসহ অপরাধীরা কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের পাশের একটি বাসায় অবস্থান করছে।

র‍্যাবের একটি দল বাসাটি ঘেরাও করলে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে অক্ষত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ঢাকার উত্তরা থানার আটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি এই অপহরণের মূল পরিকল্পনাকারী। মো. আবু সাঈদ (২৪) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মো. খোরশেদ আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। র‍্যাব জানায়, তাওহীদ মোস্তাকিম দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলেন। তাওহীদের দেওয়া ‘প্রেমের প্রস্তাব’ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে সহযোগীদের সহায়তায় তিনি এই অপহরণের নীল নকশা সাজান এবং শিক্ষার্থীকে কক্সবাজারে নিয়ে এসে আত্মগোপন করেন।

উদ্ধারকৃত শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।