শার্শা প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে মব সৃষ্টি করে অফিসে ডেকে সালিস বৈঠকের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবুর বিরুদ্ধে। শুধু তাই নয় একজন পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায় ঐ টাকা আদায় করা হয় ব্যবসায়ীর কাছ থেকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগআঁচড়া (বাগুড়ী) ফুলতলা পট্টির রড-সিমেন্ট ব্যবসায়ী জহিরুজ্জামানের দোকানের বালু রাখার স্থানে গত শুক্রবার এক ট্রাকের হেলপার প্রস্রাব করেন। এ নিয়ে ব্যবসায়ী জহিরুজ্জামান বিষয়টি জানতে চাইলে হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ব্যবসায়ীর হাতে থাকা রড দিয়ে হেলপারকে আঘাত করার অভিযোগ পাওয়া যায়।
ঘটনার পর স্থানীয় মটর শ্রমিকরা উত্তেজিত হয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক আড় করে দিয়ে মানুষকে জিম্মি করে সড়ক অবরোধ করে মব সৃষ্টি করে। এতে এলাকায় যানজটের সৃষ্টি হলে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই গোরাচাঁদ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করেন।
পরবর্তীতে ঘটনার জেরধরে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবুর নেতৃত্বে শ্রমিক ভবনে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসআই গুরাচাঁদের উপস্থিতিতে ওই সালিসে ব্যবসায়ী জহিরুজ্জামানের কাছ থেকে জোরপূর্বক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জহিরুজ্জামান জানান, তাকে শ্রমিক অফিসে ডেকে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে।
তবে অভিযুক্ত শ্রমিক ইউনিয়ন নেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
এব্যাপারে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু জানান, ৭০ হাজার টাকা জরিমানা কম হয়ে গেছে, আরও বেশি জরিমানা করা ভালো ছিলো।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গুরা চাঁদ জানান, সালিস বৈঠকে আমি প্রথম থেকে উপস্থিত ছিলাম না। সালিশের শেষ মুহূর্তে আমি সেখানে যায়, গিয়ে দেখি মিমাংসা হয়ে গেছে।
শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানান, এ বিষয়ে রাস্তা অবরোধ হয়েছিলো এসআই গোরাচাঁদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রাস্তা ক্লিয়ার করেছিলো তিনি জানেন। পরে কোন সালিশ হয়েছে কিনা তিনি জানেন না।

