গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরাঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ৪৬৭ বস্তা চাল নিয়ে যমুনা নদীতে সলিলসমাধি ঘটেছে দুটি নৌকার। আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এই আকস্মিক ও অনভিপ্রেত দুর্ঘটনা ঘটে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রশাসন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের সরকারি খাদ্যগুদাম থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের দুস্থদের মাঝে বিতরণের উদ্দেশ্যে ৪৬৭ বস্তা চাল দুটি বড় নৌকায় বোঝাই করা হয়। নৌকা দুটি ঘাট থেকে উনয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগমুহূর্তে আকাশ ভেঙে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়।
আচমকা ধেয়ে আসা বাতাসের প্রচণ্ড গতিবেগ ও উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকা দুটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘাটের একেবারেই সন্নিকটে যমুনার প্রবল স্রোতে চোখের পলকে চালের বস্তাসহ নৌকা দুটি তলিয়ে যায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রুহুল আমিন সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন “সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও পরিস্থিতি যে এতটা ভয়াবহ রূপ নেবে, তা কেউ আঁচ করতে পারেনি। হঠাৎ করেই ধেয়ে আসা ঝড়ের তীব্রতায় আমাদের চোখের সামনেই চালভর্তি বড় বড় নৌকা দুটি যমুনার বুকে তলিয়ে গেল।”
এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, ঈদুল আজহা উৎসবকে সামনে রেখে ইউনিয়নের তালিকাভুক্ত দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আজই এই চাল বিতরণের নির্ধারিত দিন ছিল। কিন্তু চালগুলো ইউনিয়ন পরিষদে পৌঁছানোর আগেই মাঝপথে এই বিপর্যয় ঘটল। এর ফলে ঈদের আগে চরাঞ্চলের শত শত অভাবী মানুষের খাদ্য সহায়তা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় বাসিন্দা, দক্ষ ডুবুরি ও সংশ্লিষ্টদের যৌথ সহায়তায় প্রমত্তা যমুনার বুক থেকে চালের বস্তাগুলো উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। তবে নদীর তীব্র স্রোতের কারণে সব বস্তা এখনো টেনে তোলা সম্ভব হয়নি। পানির নিচে থাকা চালের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনার সার্বিক পরিস্থিতি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

