মিরপুরে শিশু রামিসা হত্যা: ১ মাসের মধ্যে ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

0
মিরপুরে শিশু রামিসা হত্যা: ১ মাসের মধ্যে ‘মৃত্যুদণ্ড’ নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

এনামুল হকঃ ঢাকার মিরপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার খুনিদের আগামী এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে আর কেউ নারী বা শিশু নির্যাতন করার দুঃসাহস না দেখায়।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমী মাঠে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর ৩ দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিগত সরকারের আমলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন “সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে। তখন মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেয়া হয়েছে। মিরপুরের এই নিষ্পাপ মেয়েটির নির্মম মৃত্যু মূলত আমাদের মানবিক মূল্যবোধের সেই চূড়ান্ত অবক্ষয়েরই প্রমাণ।”

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার কোনোভাবেই শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না। একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে দেশে আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের হাতে ‘প্রধানমন্ত্রী নজরুল পদক-২০২৫’ তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের ২ লাখ টাকা ও রৌপ্য পদক প্রদান করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মাহাবুবুর রহমান লিটন (সংসদ সদস্য, ময়মনসিংহ-৭), মিজ খিলখিল কাজী (কবির নাতনী), আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (সংসৃতি প্রতিমন্ত্রী), শরিফুল আলম (বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী), মিজ কানিজ মওলা (সংস্কৃতি বিষয়ক সচিব), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (প্রশাসক, ময়মনসিংহ জেলা পরিষদ)

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নিজ বাসা থেকে ৮ বছর বয়সী শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্ত ও পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সোহেল নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসাদের বাসায় যান এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন।