জয়নাল আবেদীন: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশের বিভিন্ন অন্চল থেকে রংপুর মুখি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর মডার্ণ মোড়ে সর্ব সাধারনের যাতায়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে পুলিশ সাব-কন্ট্রোল রুম ও র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নগর পুলিশ ও মটর মালিক সমিতির আয়োজনে পুলিশ সাব-কন্ট্রোল রুম ও র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিসি ট্রাফিক মারুফ হোসেন, র্যাব-১৩’র এজুটেন্ট এএসপি মনিরুজ্জামান, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বাবু ।
মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও সাধারনের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রংপুর মডার্ন মোড়ে পুলিশ ও র্যাব কাজ করছে। এ কাজের সুবিধার্থে নগরীর মডার্ন মোড়ে পুলিশ সাব-কন্ট্রোল রুম ও র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হলো। পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
তিনি আরো বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সাধারন মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে এসে ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরে যেতে পারে সে লক্ষ্যে র্যাব ও পুলিশ কাজ করছে। তাদের সহযোগীতা করছে মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন। এক্ষেত্রে আমরা সাংবাদিক সমাজসহ সকল নাগরিকের সহযোগীতা কামনা করছি।এ সময় পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তাসহ মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

