‘এনসিপির আয়ের উৎস চাঁদাবাজি, নাসীরুদ্দীনদের শায়েস্তা করবে জনগণ’: ঝিনাইদহে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

0
‘এনসিপির আয়ের উৎস চাঁদাবাজি, নাসীরুদ্দীনদের শায়েস্তা করবে জনগণ’: ঝিনাইদহে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

সাইফুল ইসলামঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের আর্থিক অসচ্ছতা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং জামায়াতের সাথে তাদের কথিত গোপন আঁতাতের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, এনসিপির আয়ের প্রধান উৎস হলো দেশব্যাপী বিস্তৃত চাঁদাবাজি।

আজ বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে রাশেদ খান এনসিপি ও গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের বিলাসবহুল জীবনযাত্রা ও অর্থায়ন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিএনপির শীর্ষ নেতাদের কোরবানি দেওয়া নিয়ে এনসিপির সমালোচনার জবাবে তিনি বলেন, “আমাদের কোরবানি দেওয়া নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা নিজেরা রূপায়নের মতো অভিজাত এলাকায় বিশাল অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন। এই বিপুল অর্থের উৎস কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারী দামী গাড়িতে চড়ে প্রটোকল নিয়ে ঘুরে বেড়ায়। সারজিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎস কী? আসলে চাঁদাবাজির টাকা দিয়েই তাদের এই বিলাসবহুল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।”

সম্প্রতি স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে চলমান নানামুখী আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, এই চুক্তির পেছনে বিএনপি কিংবা জামায়াতের কোনো ধরনের ভূমিকা বা হাত নেই। মূলত এনসিপি-ই লবিংয়ের মাধ্যমে এই চুক্তি করিয়েছে।

ঝিনাইদহে এনসিপি সভাপতি নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক সফরের সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ব্যাখ্যা দিয়ে রাশেদ খান বলেন, “নাসীরুদ্দীন রাজনৈতিক শিষ্টাচার সম্পূর্ণ ভুলে গিয়ে অমানুষের মতো আজেবাজে মন্তব্য করছে। ঝিনাইদহ সফরকালে সে বাইরে থেকে অস্ত্রধারী ক্যাডার বাহিনী নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। সে যে আচরণ করছে, তাতে তাকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের যেখানেই নাসীরুদ্দীন যাবে, সেখানেই তাকে সাধারণ জনগণের ক্ষোভ ও হেনস্তার মুখে পড়তে হবে। বিএনপি নয়, বরং সাধারণ মানুষই এই ধরনের বেয়াদবদের উপযুক্ত শিক্ষা দেবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামীকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে অভিহিত করেন রাশেদ খান। তিনি দাবি করেন, জামায়াত কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

তিনি আরও বলেন, “জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে নেপথ্যে কাজ করেছে। আজ তারা নির্বাচিত সরকারকে পতনের ভয় দেখাচ্ছে। বর্তমানে জামায়াত এবং এনসিপি মিলে দেশের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে সচেতন দেশের মানুষ এই অপশক্তিকে আর কখনোই গ্রহণ করবে না।”

ঝিনাইদহের স্থানীয় রাজনীতিতে এই সংবাদ সম্মেলনটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর ফলে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আবহাওয়া বিরাজ করছে।