বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘিতে ঘটে গেল এক হৃদয়বিদারক ও লোমহর্ষক ঘটনা। দীঘির সিঁড়ি থেকে কুমিরের টেনে নিয়ে যাওয়া ৭ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মাজার ঘাট থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) রাত ৮টার দিকে শিশু ফাতেমা দীঘির ঘাটে গোসল করতে নামে। ঠিক ওই মুহূর্তে ওত পেতে থাকা একটি কুমির হঠাৎ ফাতেমাকে কামড়ে ধরে এবং মুহূর্তের মধ্যে পানির গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। আকস্মিক এই আক্রমণে ফাতেমা চিৎকার করে উঠলে মাজার প্রাঙ্গণে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন।
“মেয়েটার চিৎকার শুনে আমরা আর স্থির থাকতে পারিনি। যে যার মতো নৌকা নিয়ে দীঘিতে নেমে পড়ি এবং তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাই।”
ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাতভর খোঁজাখুঁজির পর অবশেষে আজ ভোর সাড়ে ৪টার দিকে দীঘির মাজার ঘাট থেকেই শিশুটির মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা মাজার প্রাঙ্গণেই বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান। সে তার মায়ের সাথেই মাজার এলাকায় থাকত। এই অবুঝ শিশুটির এমন নির্মম ও আকস্মিক মৃত্যুতে মাজার এলাকা এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

