হবিগঞ্জে ফুটবল জ্বর রূপ নিল রণক্ষেত্রে: ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক!

0
হবিগঞ্জে ফুটবল জ্বর রূপ নিল রণক্ষেত্রে: ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক!

হবিগঞ্জ প্রতিনিধি: মাঠের ফুটবল উত্তেজনা রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক প্রলয়ঙ্কারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন রক্তাত্ব ও আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামের স্থানীয় যুবকেরা ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় ব্রাজিল সমর্থকরা। খেলা শেষে হারের খোঁচা ও জয়োল্লাসকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। সে সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

তবে সেই উত্তেজনার রেশ কাটেনি। বুধবার সকালে খেলার সেই হার-জিতের বিষয়টিকে কেন্দ্র করে আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। একপর্যায়ে তা চরম রূপ নেয় এবং উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

দেখতে দেখতে পুরো কাশিপুর গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী চলা এই দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা স্থানীয়দের সহযোগিতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন জানান “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।”

খেলাধুলার মতো একটি সৌহার্দ্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন সহিংসতায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।