এ এম মিজানুর রহমান বুলেট: বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে গোটা দেশ, আর সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই পটুয়াখালীর কলাপাড়া। বৈশ্বিক এই ফুটবল মহোৎসবকে কেন্দ্র করে কলাপাড়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সেলেসাও (ব্রাজিল) সমর্থকদের এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্র থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। প্রিয় দলের জার্সি পরে, ঢোল-তবলা বাজিয়ে এবং ব্রাজিলের বিশাল আকৃতির পতাকা হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। পুরো শহরজুড়ে তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর আমেজ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে গিয়ে এটি সমাপ্ত হয়।
এবারের এই আনন্দ শোভাযাত্রায় যেকোনো সময়ের চেয়ে বেশি উদ্দীপনা দেখা গেছে। কলাপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক ব্রাজিল ভক্ত ও ফুটবলপ্রেমী এই র্যালিতে অংশ নেন।
শোভাযাত্রা শেষে হেলিপ্যাড মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলাপাড়ার একনিষ্ঠ ব্রাজিল সমর্থক মো. হুমায়ুন কবির জুয়েল ও মো. সজল বিশ্বাসসহ স্থানীয় ভক্তদের আরও অনেকে।
বক্তারা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ। আর ব্রাজিলের সুন্দর ফুটবল শৈলী বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। কলাপাড়ার এই জোয়ার প্রমাণ করে যে এখানে সেলেসাওদের ভক্ত ভিত্তি কতটা মজবুত। আগামী ম্যাচগুলোতেও প্রিয় দলের প্রতি এই সমর্থন ও ভালোবাসা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

