
আহম্মদ কবির : সবুজ হাওরের বুকজুড়ে যখন দূষণের চাপ ও অনিয়ন্ত্রিত পর্যটনের প্রভাব প্রকৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে, তখনই পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে পরিচালিত হয়েছে মোবাইল কোর্টের বিশেষ অভিযান,যেখানে পরিবেশ সংরক্ষণে দেখা গেছে দৃশ্যমান প্রশাসনিক তৎপরতা।
জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্লাস্টিক বর্জ্য জব্দ করে তা ধ্বংস করা হয়,পাশাপাশি পর্যটকদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত এ মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক,তাহিরপুর উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহারুখ আলম শান্তনু এবং সিএনআরএস প্রকল্প উন্নয়ন কর্মী ছাইফুল চৌধুরী।
অভিযানকালে হাওরে প্রবেশ করে নির্ধারিত নিয়ম অমান্য করে নোঙর করায় একটি হাউস বোটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।প্রশাসন সংশ্লিষ্টদের ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণবিষয়ক নির্দেশনা ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করে।অভিযান শেষে কর্মকর্তারা জানান,বিশ্ব ঐতিহ্যসদৃশ টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। হাওরকে দূষণমুক্ত রাখতে প্রশাসন,পর্যটক ও স্থানীয় জনগণকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য আরও সুরক্ষিত থাকবে।
অন্যদিকে একই দিনে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরাও আলমের দোয়ার মাছের অভয়াশ্রম এলাকায় হাউস বোটের অবস্থান নিয়ে নজরদারি বাড়িয়ে সংশ্লিষ্টদের সরে যেতে নির্দেশ দেন এবং সতর্ক করেন।
