গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান এবং তাঁর বোনের জানাজা নামাজ সোমবার (০৮ জুন) সকাল ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত থেকে মরহুমদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।
সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে তাঁর বোনও মৃত্যুবরণ করেন। একই দিনে ভাই-বোনের জানাজা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

