পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বিলীন হচ্ছে তীরবর্তী বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়ি। ভিটেমাটি হারিয়ে নি:স্ব হচ্ছে শত শত পরিবার। নতুন করে নি:স্ব হওয়ার উপক্রম হয়েছে উপজেলার নদীতীরবর্তী চারটি ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবারের। এছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, স্কুল, বেড়িবাঁধ ও ব্লকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দুই সহস্রাধিক পরিবার
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া ও ঢনঢনিয়া, দশমিনা সদর ইউনিয়নের দশমিনা, হাজীরহাট, কাটাখালী, গোলখালী ও সৈয়দজাফর, রণগোপালদী ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর, আউলিয়াপুর, চরঘূনি ও পাতারচর এবং চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরবোরহান গ্রামের নদীতীরবর্তী মানুষজন ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এদিকে উপজেলার মূল ভূখন্ডের সাথে সংযুক্ত ইউনিয়নগুলোতে বেড়িবাঁধ থাকলেও মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নের চারদিকে নদী থাকা সত্ত্বেও বন্যা ও জলোচ্ছ্বাস ঠেকাতে নেই কোনো বেড়িবাঁধ। ফলে পানির সঙ্গে যুদ্ধ করেই চলে ওই ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর জীবন-জীবিকা।
জানা যায়, আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও মূলত আশ্বিন মাস পর্যন্ত টানা চার মাস চলে বর্ষার দাপট। অন্যদিকে চৈত্র-বৈশাখ থেকেই বাড়তে থাকে পানির চাপ। এ সময় নদী ভাঙনে বিলীন হয় মানুষের ভিটেমাটি ও শেষ সম্বল। তাই এ সময়গুলোতে সব হারানোর শঙ্কায় দিন কাটে নদীতীরের মানুষের।

