৬ মাসে সরকারের কোনো অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াতের মূল্যায়ন

0
৬ মাসে সরকারের কোনো অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াতের মূল্যায়ন

বাংলাদেশ প্রতিবেদকঃ দায়িত্বগ্রহণের প্রথম ছয় মাসে বিএনপি সরকারের নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা ও বাস্তব ফলাফলের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী স্পষ্টতই ব্যর্থ। অতীত রাজনৈতিক অভিজ্ঞতার আলোতেই সমাধান নিশ্চিত করার জন্য জনগণকে দেওয়া দায়বদ্ধতা সরকারকে পালন করতে হবে।”

রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ এসব কথা তুলে ধরেন। এতে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি, রফিকুল ইসলাম খান এমপি ও হামিদুর রহমান আজাদসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সরকারের ৮টি খাতের ব্যর্থতার সারসংক্ষেপ:

১২ ফেব্রুয়ারির গণভোটে জুলাই জাতীয় সনদভিত্তিক সাংবিধানিক সংস্কারের পক্ষে ৪ কোটি ৭২ লাখের বেশি ‘হ্যাঁ’ ভোট পড়লেও তা বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর না করে বিকল্প উপায়ে সংবিধান সংশোধনের চেষ্টা চলছে।

দেশে গ্যাসের দৈনিক ঘাটতি প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট। এই সংকটের কারণে শিল্পকারখানায় ৪০% উৎপাদন কমেছে, অন্তত ২০টি কারখানা বন্ধ হয়েছে এবং প্রায় ২০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন।

মেধাভিত্তিক প্রশাসনের অঙ্গীকার সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। ১১টি সরকারি সংস্থা ও নির্বাচন কমিশনসহ ১২টি শীর্ষ প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলঘনিষ্ঠদের চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ তোলা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুসংহত অগ্রগতি নেই। গবেষণার তথ্য উল্লেখ করে জানানো হয়, মার্চ থেকে মে সময়ে ৯১৫টি হত্যা মামলা, সহস্রাধিক চুরি-ছিনতাই, এবং দেশজুড়ে মব সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে।

মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা (মোট ঋণের ৩২.২৬%)। মূল্যস্ফীতি ৯.১৬ শতাংশে পৌঁছানোয় সাধারণ ও নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কোনো সুস্পষ্ট প্রয়োগ দেখা যায়নি। প্রায় ৩ লাখ ৯ হাজার যাচাইকৃত রোহিঙ্গা থাকা সত্ত্বেও রাখাইনে প্রত্যাবাসন শুরু হয়নি।

‘প্রিভেনশন অ্যান্ড রেমেডি অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া বিধানে আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ থেকে দূরে রাখাসহ নানা কল্যাণকর খাতে ধীরগতি তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণভোটের রায় ও জুলাই সনদের সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ, সমন্বিত জ্বালানি নিরাপত্তা কৌশল গ্রহণ, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি জানিয়ে আট দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।