ভূঞাপুর প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল এলেই শুরু হয় উন্মাদনা, সমর্থকদের মধ্যে প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, খুনসুটি আর উচ্ছ্বাসের প্রতিযোগিতা। তবে সেই প্রচলিত আবেগকে ভিন্ন মাত্রা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উৎসব। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সেখানে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বকাপ উৎসব-২০২৬’, যা ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার (১২ জুন) গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য সমর্থক সমাবেশ ও রোড শোর সূচনা হয়। পরে শতাধীক ফুটবলপ্রেমী নিজ নিজ প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে তারা পুনরায় বিদ্যালয় মাঠে এসে মিলিত হন। রোড শোতে ভূঞাপুর, গোবিন্দাসী ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দলের সমর্থকদের একসঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও সবাই সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে উৎসবে অংশ নেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকদের দাবি, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সকল দলের সমর্থকদের একত্রিত করে এমন আয়োজন দেশে এই প্রথম। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোড শোতে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজক সদস্য আব্দুল লতিফ তালুকদার বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়; এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করতে পারে।
আয়োজক সদস্য ড. আব্দুর রহমান মিন্টু বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয় উন্মাদনা, উত্তেজনা, উৎসবের আমেজ । এই উৎসবকে প্রাণবন্ত করতেই অংশগ্রহণকারি দেশের সমর্থদের নিয়ে এই আয়োজনটি করা হয়েছে।
গোবিন্দাসী ফুটবল ফ্যানস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় খেলোয়ার ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

