পারমাণবিক জ্বালানি: কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা

0
পারমাণবিক জ্বালানি: কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা

স্বপন কুমার কুন্ডুঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের বিনিয়োগ মূলত জাতীয় উন্নয়ন, উদ্ভাবন ও জনকল্যাণে বিনিয়োগ। তবে এ প্রযুক্তির সঙ্গে নিরাপত্তা, সুরক্ষা, জবাবদিহিতা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্বও জড়িত।

শুক্রবার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত “Nuclear Energy: Strategy, Realities and Bangladesh’s Path Forward” শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ গোলটেবিল আলোচনা বাংলাদেশের পারমাণবিক গভর্ন্যান্স (শাসন ব্যবস্থা) এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এটি নীতি-নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিজ্ঞানী, শিল্প উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন সহযোগীদের জন্য নিজেদের আইডিয়া বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং আগামী দিনের পথনকশা তৈরির একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে।

মন্ত্রী বলেন, একটি সফল পারমাণবিক কর্মসূচির জন্য শুধু প্রযুক্তি ও অবকাঠামোই যথেষ্ট নয়; প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ জনবল, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা সংস্কৃতি।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এর ফলে দেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে সক্ষম প্রযুক্তিনির্ভর রাষ্ট্রগুলোর কাতারে যুক্ত হয়েছে। এ অর্জন নীতি-নির্ধারক, বিজ্ঞানী, প্রকৌশলী, নিয়ন্ত্রক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তি ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ও কম-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এটি আবহাওয়ার ওপর নির্ভরশীল নয় এবং জ্বালানি নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্ত্রী বাংলাদেশের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংস্থাটির প্রযুক্তিগত সহায়তা, সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা দেশের পারমাণবিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া ২০২৭ সালের এপ্রিলে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সেমিনারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ( IAEA) এর প্রতিনিধি Mehmet Ceyhan, টেকনিক্যাল লিড, নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশন বক্তব্য রাখেন।

সেমিনারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং এনএসপিসির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার রোবায়েত পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে উপস্থাপনা করেন। এছাড়া আইএইএ-এর প্রতিনিধি মেহমেত জেইহান, টেকনিক্যাল লিড (নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশন) বক্তব্য রাখেন।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন, এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।