মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরের প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র প্রকাশ করা হয়েছে|
রোববার (১৪ জুন) নগরের রানীবাজারে এসকে সেমিনার হলে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এক সংলাপে নীতিপত্রটি প্রকাশ করা হয়| বারসিকের পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রাজশাহী নগরের ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে নীতিপত্রটি প্রণয়ন করা হয়েছে| সংলাপে উপস্থাপিত তথ্য অনুযায়ী, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধি করলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আয় বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব| নীতিপত্রে নগর উন্নয়ন পরিকল্পনায় নগর কৃষিকে অন্তর্ভুক্ত করা, প্রতিটি বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, নারী নেতৃত্বভিত্তিক সবুজায়ন কর্মসূচি চালু করা এবং জলবায়ু অভিযোজন তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে|
এছাড়া প্রতিটি ওয়ার্ডে সবুজ করিডর ও উন্মুক্ত সবুজ স্থান বৃদ্ধি, নগর কৃষির জন্য বীজ ব্যাংক ও প্রণোদনা তহবিল গঠন, বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে| নীতিপত্রে বলা হয়, রাজশাহীসহ দেশের নগরগুলোকে আরও সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগরে রূপান্তর করতে হলে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে প্রান্তিক জনগোষ্ঠীকে স্থান দিতে হবে এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে|
অনুষ্ঠানে বারসিক রাজশাহীর আঞ্চলিক সমš^য়কারী শহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন| সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার নীতিপত্র পাঠ করেন এবং সহযোগী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন লিলি অনুষ্ঠান সঞ্চালনা করেন|
সংলাপে বস্তিবাসীদের পক্ষে বক্তব্য দেন নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নিলুফা ইসমত আরা, লতিফা বেগম, ওমর আলী, পাপিয়া বেগম, বাচ্চু মিয়া, মতি মিয়া, যুব সংগঠক মো. রকি আলী ও ফাতেমাতুজ জোহরাসহ অনেকে| এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাজশাহী সিটি করপোরেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী ফারুক আহম্মেদ, গ্রীণ কোয়ালিশন রাজশাহীর সভাপতি ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের প্রকল্প সমš^য়কারী জাহাঙ্গীর আলম, বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনাল হক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা|

