বাংলাদেশ প্রতিবেদকঃ লন্ডনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ, জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহ ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে।
সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে এই মারমুখী বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কটল্যান্ড ইয়ার্ডের শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ঘটনাস্থল থেকে লন্ডন মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত তিনজনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ।
মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে তুলকালাম: পেছনের দরজা দিয়ে প্রবেশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সফরে থাকা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ: হাসনাত আবদুল্লাহর আসার খবরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান ও বিক্ষোভ করতে থাকেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অনুষ্ঠানস্থলের সামনে পাল্টা অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
৩ ঘণ্টার বিলম্ব ও ডিম হামলা: স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও চরম উত্তেজনার কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কয়েক ডজন ব্রিটিশ পুলিশের কঠোর পাহারায় দৌড়ে বিকল্প একটি দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি ডিম ছুড়ে মারে। ডিমের আঘাত এড়িয়ে তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন এবং অনুষ্ঠান শেষে পুলিশি বেষ্টনীতেই স্থান ত্যাগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য ভেন্যুর চারপাশ ঘিরে ফেলে। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এলেম পার্কে প্রথম দফা ধাওয়া ও হাতাহাতি
মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলের ঘটনার ঠিক আগে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে প্রথম দফা উত্তেজনার সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ‘ট্যাগ’ করে উসকানিমূলক মন্তব্য করতে থাকেন এবং পিছু নেন। সেখানেও আকস্মিকভাবে ডিম ছুড়ে মারা হলে এনসিপির একজন কেন্দ্রীয় নেতার গায়ে তা লাগে। এর পরপরই এনসিপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত সাধারণ মানুষ ও কমিউনিটি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
যুক্তরাজ্যে বাংলাদেশের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সফর ঘিরে এমন সহিংস ও মারমুখী বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে রাজনৈতিক বিভেদের উদ্বেগ তৈরি করেছে।

