‘সংসদে না হলে রাজপথে’: জুলাই সনদের দাবিতে অনড় বিরোধীদলীয় নেতা

0
'সংসদে না হলে রাজপথে': জুলাই সনদের দাবিতে অনড় বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ প্রতিবেদকঃ জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের ম্যান্ডেট পাওয়া এই দাবি আজ হোক বা কাল, আদায় করা হবেই। যদি এর সমাধান সংসদে না হয়, তবে রাজপথেই ফয়সালা হবে।

মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চীফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ রফিকুল ইসলাম খান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সরকার পক্ষের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনো প্রতিনিধি দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, ৭২ শতাংশ মানুষ যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সংসদে এসে তা বদলে ফেলার অধিকার কারও নেই।

“আমরা জনগণের রায়ের পক্ষে। সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ কমিটির প্রয়োজন নেই, এটা একটি রুটিন ওয়ার্ক যা বিল আকারে সংসদে আসবে এবং আমরা আলোচনা করব। তবে সরকার যদি ‘সংশোধন’ না করে প্রকৃত ‘সংস্কার’-এর জন্য কোনো প্রস্তাব দেয়, কেবল তখনই আমরা তা বিবেচনা করব।” — মো. শফিকুর রহমান, বিরোধীদলীয় নেতা

সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি অভিযোগ করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া মিলছে না।

অর্থনীতির দুই অঙ্গই বিধ্বস্ত: দেশের শেয়ার বাজার ও ব্যাংকিং খাতের চরম বিপর্যয় নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধী দল। শফিকুর রহমানের ভাষায়, “স্টক মার্কেট মাটির সঙ্গে মিশে গেছে এবং ব্যাংকের যা হাড্ডি ছিল, তাও এখন গুঁড়ো হওয়ার উপক্রম।”

প্রবাসীদের টাস্কফোর্স প্রস্তাব: প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি ‘সংসদীয় টাস্কফোর্স’ গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলেও সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সীমান্তে পুশ-ইন ও রহস্যজনক আচরণ: সীমান্তে পুশ-ইন নিয়ে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলে ‘সংবেদনশীল ইস্যু’ অজুহাতে তা প্রত্যাহারের চাপ দেওয়া হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য তা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর পর, ওই দিনের নির্ধারিত কার্যসূচিই রহস্যজনকভাবে বদলে ফেলা হয়।

অতীতের লেজুড়বৃত্তিক রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, তারা সংসদের ভেতরে কোনো ‘গৃহপালিত’ বা ‘বগলদাবা’ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবেন না। জনগণের যৌক্তিক দাবিকে নাকচ করা হলে তারা প্রয়োজনে সংসদ থেকে ওয়াক আউট করবেন, তবে তা দীর্ঘমেয়াদি হবে না।

তিনি সংসদ পরিচালনায় বিপুল খরচের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রতি মিনিটে সংসদ অধিবেশনে ১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হয়। তাই জনগণের অর্থ অপচয় রোধে ব্যক্তিগত বা দলের চরিত্রহনন এবং কারও অযথা তোষামোদ-প্রশংসা বন্ধ করতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে। বিরোধী দল সংসদে কেবল দেশের স্বার্থে একটি ‘যৌক্তিক বিরোধী দল’ হিসেবে কাজ করতে সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করে।