আব্দুল লতিফ তালুকদার: জোড়া যমজের এক সঙ্গে সঙ্গি হিসেবে পাওয়া অনেক দূরহ একটি ব্যাপার। কাকতালীয় হলেও অসাধ্য সাধন হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে। জেলার ভূঞাপুরে জমজ দুই বোনের সঙ্গে লক্ষীপুরের সদর উপজেলার জমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষীপুরের উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের জমজ দুই ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, জমজ দুই ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার দুজনই প্রবাসী। বিয়েতে ৩ লক্ষ টাকা দেনমহর ধার্য করে মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মোঃ আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়।
সুমাইয়া ও সোনিয়া আক্তার দু’জনই এবার এইচএসসি পরীক্ষার্থী। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং যমজ নবদম্পতিএক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন।
স্থানীয়রা জানান, সাধারণত এই রকম বিয়ে সচরাচর দেখা যায় না। তাই একনজর দেখতে অনেক লোক এসেছে। তবে বিষয়টি খুবই ভালো লেগেছে। এই জোড়া নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য দোয়া চেয়েছেন স্বজনরা।
জমজ দুই ভাই বলেন- আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। বাল্যকাল থেকেই একসাথে বড় হয়েছি। আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত ছিল কোথাও জমজ দুই বোন পেলে বিয়ে করবো। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে তথ্য আদান-প্রদান মাধ্যমে দুই জমজ বোনের সন্ধান পাই। আমাদের প্রস্তাবে তারা বিয়ে করতে সম্মতি দিয়েছে। আমরা জমজ ভাই দুই জমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।
যমজ দুই ছেলের পিতা মোঃ নুরুল আলম জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক আনন্দিত।

