সুন্দরগঞ্জে নদীগর্ভে বিলীন ৫ শতাধিক বসতভিটা: হুমকিতে বিস্তীর্ণ জনপদ

0
সুন্দরগঞ্জে নদীগর্ভে বিলীন ৫ শতাধিক বসতভিটা: হুমকিতে বিস্তীর্ণ জনপদ

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গেল ৭ দিনে তিস্তানদী নদীগর্ভে চলে গেছে ৫ শতাধিক বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট। তীব্র ভাঙ্গন কবলে পড়েছে আরো শ’ শ’ পরিবারের বসতভিটা, আবাদী জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ডান তীরের পুরাতন বেড়িবাঁধসহ বিস্তীর্ণ এলাকা।

জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে সম্পূর্ণরূপে বেলকা, হরিপুর, কাপাসিয়া ইউনিয়ন ছাড়াও আংশিকভাবে তারাপুর, দহবন্দ, শান্তিরাম, কঞ্চিবাড়ি, শ্রীপুর, চণ্ডিপুর ইউনিয়ন ও পৌরসভা দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তানদী। এছাড়া, কাপাসিয়া ইউনিয়নের ভাটীতে এর সঙ্গে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। সম্প্রতি নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু হওয়ায় বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে তিস্তানদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। তিস্তার ভাঙ্গন কবলিত স্থানগুলোর বসবাসরত মানুষজন তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, গৃহ-পালিত পশু-পাখি ও সরিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন না। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভাঙ্গন কবলিতদের বসতভিটা ও আবদী জমির সঙ্গে ঘরবাড়ি, আসবাবপত্র, গৃহ-পালিত পশু-পাখি, উঠতি ফসল, গাছপালা, বাঁশঝাড়। কারো কারো সর্বস্বই নদীগর্ভে চলে যাচ্ছে। ফলে অনেকেই খোলা আকাশের নিচে, রাস্তার ধারে কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর নদীভাঙ্গন রোধে স্থায়ী সমাধানকল্পে যথোপযোগি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নানান অভিযোগ করেন। তাঁরা বলছেন- ‘প্রতি বছর নদীভাঙ্গনের কারণে আমরা সর্বস্বান্ত হলেও ভাঙ্গনরোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

কাপাশিয়া ইউনিয়নের উত্তর লালচামার, ভোরের পাখি, উজান বুড়াইল, কেরানীরচর, ভাটীতে বুড়াইলে ভাঙ্গন কবলিত আবুল হোসেন, রবিউল ইসলাম, শাহ্‌ কামাল, জাহাঙ্গীর, জাফর আলী, জয়নাল আবেদীন, মমিনুল ইসলাম, আব্বাস আলী, জহুরুল আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, নেজাবর, দেওয়ান আলী, আলম মিয়া, রেজাউল, আঃ সাত্তার, সাখাওয়াৎ হোসেন, জাহিদুল ইসলাম, বাবু মিয়া, রমজান আলী, নূরুন্নবী, শফিউল ইসলাম, রহমতুল্যাহ্, জহুরুল ইসলাম, জমিউল ইসলাম, আঃ জলিল, সামিউল ইসলাম, শুটকুর মিয়া, মুঠু মিয়াসহ অনেকেই জানান, দিন-রাত অবিরাম নদী ভাঙ্গনের কবলে চোখের পলকে তাঁদের শেষ সম্বলটুকু নদী কেড়ে নিয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন, কী খাবেন, কিছুই জানেন না।

জেলা পাউবো পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে দাবি করছেন স্থানীয়রা।

কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া, সদস্য রফিকুল ইসলাম, হাবিজার রহমান, পৃথক পৃথকভাবে জানান, নদী ভাঙ্গন তীব্র ধারণ করায় যেসব পরিবার বাস্তুচ্যুত হয়েছেন তাদের তালিকা প্রনয়ণ চলছে।

রবিবার (২৮ জুন) দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে নদীভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে জিওব্যাগ ফেলানো হচ্ছে। ভাঙ্গন কবলিত অন্যান্য স্থানগুলোতে কার্যকরি পদক্ষেপ গ্রহণে বরাদ্দ চেয়ে অনুমতিপত্র পাঠানো হয়েছে। অনুমতি পেলেই কাজ শুরু করা হবে।

রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান তুলি জানান, নদীভাঙ্গন কবলিতদের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে তালিকা প্রনয়ণ করে তা উপজেলা প্রশাসন বরাবরে জমা দিতে বলা হয়েছে। ইতঃমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে নদী কবলিত স্থানগুলোতে ভাঙ্গনরোধে জরুরী ব্যবস্থা গ্রহণসহ দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে বার্তা পাঠানো হয়েছে। দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে বরাদ্দ পেলেই নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।