মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন|
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন| বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে| শনিবার (২৭জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিহরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে| নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে| স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল| এরই মধ্যে আম নামানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়| একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়| এ সময় আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়| সংঘর্ষে আরও কয়েকজন আহত হন| আহতদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে| খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে| তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

