এবার বিলাসবহুল প্রাইভেটকারে গরু চুরি! মতলব উত্তরে দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

0
এবার বিলাসবহুল প্রাইভেটকারে গরু চুরি! মতলব উত্তরে দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চাঁদপুর প্রতিনিধিঃ চুরির অভিনব ও বিলাসবহুল কায়দা দেখে তাজ্জব বনে গেছেন চাঁদপুরের স্থানীয় বাসিন্দারা। এবার কোনো পিকআপ বা ট্রাক নয়, রীতিমতো সাদা রঙের প্রাইভেটকার নিয়ে বাছুর চুরি করতে এসে ধরা পড়েছেন দুই যুবক। গতকাল রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন— কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা বেলাল ও বিল্লাল। ঘটনার পর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানজীকান্দি গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন ঢালীর একটি গরু ও তার ছোট বাছুরটি রাস্তার পাশে বাঁধা ছিল। ওত পেতে থাকা বেলাল ও বিল্লাল নামের ওই দুই যুবক হঠাৎ একটি সাদা প্রাইভেটকার নিয়ে সেখানে হাজির হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা বাছুরটিকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

প্রাইভেটকারে বাছুর পাচারের এই অদ্ভুত দৃশ্যটি দেখে ফেলেন হাবিবুল্লাহ নামের এক স্থানীয় অটোরিকশাচালক। তিনি কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে গাড়িটির গতিপথে বাধা দেন। এসময় চোরচক্রটি তার ওপর অতর্কিত হামলা চালালেও হাবিবুল্লাহ দমে যাননি। তার চিৎকার ও শোরগোলে আশপাশের শত শত লোক ছুটে এসে চারপাশ থেকে প্রাইভেটকারটি ঘিরে ফেলে এবং দুই যুবককে হাতেনাতে আটকে করে। পরে উত্তেজিত জনতা চোরদের গণপিটুনি দেয় এবং গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় বাছুরটিকে উদ্ধার করে।

কৃতজ্ঞতা প্রকাশ করে বাছুরটির মালিক আওলাদ হোসেন ঢালী বলেন “আমার বাছুরটি ওরা প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ ও অটোরিকশাচালক ভাই এগিয়ে না এলে হয়তো আমার শেষ সম্বলটুকু আর ফিরে পেতাম না।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চোরচক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।