অন্তর্বর্তী সরকারের ‘১৮ মাসের’ দুর্নীতির তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, সংসদে বিস্ফোরক তথ্য

0
অন্তর্বর্তী সরকারের ‘১৮ মাসের’ দুর্নীতির তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, সংসদে বিস্ফোরক তথ্য

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত সরকারের আমলের প্রাতিষ্ঠানিক লুটপাটের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের সময়কালের যাবতীয় কর্মকাণ্ডেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও ব্যাপক অনিয়ম ও সর্বোচ্চ দুর্নীতি হয়েছে—যা দুদক (দুর্নীতি দমন কমিশন) দিয়ে তদন্ত করানো এবং শ্বেতপত্রের রিপোর্টের ভিত্তিতে তা জাতির সামনে প্রকাশ করা দরকার।

রবিবার রাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বর্তমান সরকারের মূল ভিত্তি ‘স্বচ্ছতা’ উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের অভিযোগেরই নিরপেক্ষ তদন্ত হওয়া বাঞ্ছনীয়।

১৫ বছরে পাচার ৩০ লাখ কোটি টাকা, কুইক রেন্টাল ছিল ‘আইনি মোড়কে দুর্নীতি’

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির একটি খতিয়ান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন গত ১৫ বছরে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার করে মোট ২৯ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। লোন স্ক্যাম ও রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দখলের পাশাপাশি মেগা প্রজেক্টের নাম করে ৭০% পর্যন্ত বাড়তি ব্যয় দেখিয়ে জনগণের টাকা আত্মসাৎ করা হয়েছে। কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলোকে ইনডেমনিটি দিয়ে আইনি মোড়কে দুর্নীতিকে বৈধতা দেওয়া হয়েছিল। আদম ব্যবসার মাধ্যমে ১৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা পাচার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ৭৩ শতাংশ বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় অপাত্রে দেওয়া হয়েছে।

ভঙ্গুর অর্থনীতি ও ১৮ মাসের চরম অস্থিরতা পেরিয়ে ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকার বাজেট পেশকে বর্তমান সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, যমুনার অভ্যন্তরে ও কিনারে যে বহুমুখী সংকট ছিল, সেই অস্থির সময়ে জাতীয় স্বার্থ রক্ষার্থেই দলমত নির্বিশেষে সবাই মিলে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছিলেন। যার পর অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেয়।

এবারের বাজেটকে ‘এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: “ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্টিয়া এবং ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের জনকল্যাণমুখী দর্শনের আলোকে এই বাজেট তৈরি। টেকনাফের একজন অসহায় বিধবাও যেন সুফল পান, তাই নিত্যপণ্যের ওপর কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে এবার বাজেটের আগে-পরে কোনো পণ্যের দাম বাড়েনি।”

বাজেটের মূল দর্শন হিসেবে উৎপাদনশীলতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং স্মার্ট রূপান্তরের কথা উল্লেখ করে তিনি সিঙ্গাপুরের ‘লি কুয়ান ইউ’ মডেল এবং নোবেলজয়ী ‘জোসেফ স্টিগলিৎসের’ তত্ত্বের উদাহরণ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বাজেটটি বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারসহ পাঁচটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদাসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা দেশের অর্থনীতিকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবে।