রাজশাহী প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নগরীর ৬৬ হাজার ৬৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৩৯৫ জন শিশু। এ হিসাবে অর্জনের হার দাঁড়িয়েছে ১০০ দশমিক ৩৮ শতাংশ।
রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ১৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা ১০০ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ হাজার ৫০২ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়, যা ১০০ দশমিক ৩৮ শতাংশ।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ সাফল্যের জন্য নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত ২৮ জুন ২০২৬ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

