বিশৃঙ্খলার রাজনীতি বন্ধ করে জনকল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

0
বিশৃঙ্খলার রাজনীতি বন্ধ করে জনকল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক: স্বৈরাচার ও বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হঠকারিতা ও অপপ্রচার বাদ দিয়ে বিরোধী দলগুলোর কাছে দেশের উন্নয়নের পরিকল্পনা থাকলে তা সংসদে ও জনগণের কাছে উপস্থাপন করা উচিত।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর ও শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতি জনগণ আর সমর্থন করে না। একটি শিশু জন্মানোর পর হাঁটতে যেমন সময় লাগে, তেমনি নির্বাচিত সরকারের বয়স মাত্র ছয় মাস। এই স্বল্প সময়ে আমরা ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি। যারা শুধু সমালোচনা করছেন, তাদের মাঠে নেমে মানুষের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।”

দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে অন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গঠনমূলক প্রস্তাব আহ্বান করে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকলে আমরা তা সানন্দে গ্রহণ ও বাস্তবায়ন করব। তবে শুধুই জনগণকে বিভ্রান্ত করতে উস্কানি ও অপপ্রচার ছড়ালে দায়ীদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, বিগত ১৭ বছর স্বৈরাচারের নিপীড়ন সহ্য করে রাজপথে বিএনপি নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আজকের অবস্থান তৈরি হয়েছে। ৭১, ৮৬, ৯৬ বা সাম্প্রতিক সময়ে যারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, তাদের উস্কানির পথ পরিহার করার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।