গৌরীপুরে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

0
গৌরীপুরে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহত দুই শিশু হলো ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৬) ও ইলমা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই বোন। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে রিয়া মনিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।

অন্যদিকে ছোট বোন ইলমাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেলে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় বীর পশ্চিমপাড়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে। একসঙ্গে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”