আশঙ্কাজনক অবস্থায় যশোর হাসপাতালে চিকিৎসাধীন
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের পর নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলার এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে যুবকের নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর জখম ওই যুবকের নাম মো. সালাউদ্দিন (২২)।
আশঙ্কাজনক অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের আদি বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে তিনি ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরেই চরম মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি অতিরিক্ত মাদক সেবনের পর একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং নিজের ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেন।
রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, চিৎকার ও খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে সালাউদ্দিনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ঠিক কী কারণে বা কোন ঘোরের মধ্যে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, “স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে আমি খোঁজ নিয়েছি এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ কী, তা বিস্তারিত তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ কোনো লিখিত অভিযোগ বা তথ্য জানায়নি। তবে আমরা লোকমুখে বিষয়টি জানতে পেরেছি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।”

