কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান। দীর্ঘ দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায় সলেমান। তাৎক্ষণিক বিচার না পেয়ে রাতে জহিরুলের ছোট ভাই ফিরোজের ঘর পুড়িয়ে দেয় বলে তাদের অভিযোগ। এতে ভূস্মিভূত হয় পুরো বসতঘর। তবে এসময় ঘরের মধ্যে কেউ ছিলনা।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যান মো মজিবর ফকির আগুনের সত্যতা স্বীকার করে বলেন, সলেমান চোর প্রকৃতির লোক।তবে ও ভালো না, আগুন দিতে পারে।ফিরোজকে আইনের আশ্রয় নিতে বলেছি।

