কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঘর থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের কুড়িকানি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় সাইফুলকে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও মেরেছে বলে তিনি জানিয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত সাইফুল জানান, তার জমিতে গরু দিয়ে ঘাস খাওয়ালে তিনি বাধা দেন। এ নিয়ে বিরোধ তৈরি হলে স্থানীয় ভাবে আপোস মিমাংসা হয়। তবুও শিপন মোল্লা, কাওসার শরীফ, দিন ইসলাম, মহিব, আল আমিনসহ ১০ থেকে ১২ জন এসে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে জখম করে। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেন।
তার মা মোসা, ফিরোজা বেগম বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেছে।তিনি বাধা দিলে তাকেও চর থাপ্পর মেরে ফেলে দেয় এবং কানের দুল ছিনিয়ে নিয়ে যায় শিপন মোল্লা। তারা টিপ চাকুসহ দেশীয় অস্ত্র দেখিয়ে জীবন নাশের হুমকি প্রদান করেন বলে তিনি জানান।
অভিযুক্ত শিপন মোল্লা জানান, ওইখানে অনেক মানুষ উপস্থিত ছিল, তারা সবাই যদি বলে তাহলে আমি দোষী। তবে মারপিট দেখে আমি ছাড়াইতে গেছি।
কলাপাড়া থানার পুলিশ উপ পরিদর্শক মো জাকির হোসেন বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

