তত্ত্বাবধায়কের পুরোনো ফর্মুলা বাদ দিন, গণভোটের রায় পুরোপুরি মানতে হবে: ফুলবাড়ীতে আখতার হোসেন

0
তত্ত্বাবধায়কের পুরোনো ফর্মুলা বাদ দিন, গণভোটের রায় পুরোপুরি মানতে হবে: ফুলবাড়ীতে আখতার হোসেন

অমর গুপ্তঃ বর্তমান সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, “গণভোটের রায় আধাআধি নয়, সরকারকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে জুলাই সনদের আলোকে নতুন ফর্মুলা তৈরি করতে হবে।”

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় এনসিপি ঘোষিত মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পথযাত্রা’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আখতার হোসেন এমপি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একসময় দেশে নানা অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর ফ্যাসিস্ট শেখ হাসিনা এসে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে ১৭ বছর ধরে ফ্যাসিবাদ চাপিয়ে দিলেন। তবে বর্তমানে যে ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সেটি আমাদের জন্য অসুবিধা তৈরি করছে। কারণ এই ফর্মুলা অনুযায়ী সাবেক বিচারপতিরাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন ফর্মুলা তৈরি করতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, বর্তমান বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা মানলেও নতুন ফর্মুলা মানতে চাচ্ছে না।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা সকলে প্রত্যাশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ পাবো; যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে এবং মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ যে নতুন রাষ্ট্র গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুইটা ভোট দিয়েছি—সরকার গঠনের ভোট আর গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিডিআর পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা, মোদী বিরোধী আন্দোলনকারীদের ওপর নির্যাতনসহ ২০২৪-এর জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে। শেষে ছাত্র-জনতার গণরোষ থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।”

ভারতের আধিপত্যবাদী নীতির সমালোচনা করে তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মধ্য দিয়ে আধিপত্যবাদ বহাল রাখতে চায়, তাহলে আমরা তাদের প্রতিবেশী মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, খরার সময় পানি আটকে রাখে আর বর্ষায় ছেড়ে দিয়ে মানুষকে হত্যার কর্মযজ্ঞ চালায়, তারা কোনোদিন আমাদের প্রকৃত প্রতিবেশী হতে পারে না।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, “বিএনপি বর্তমানে সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সর্বক্ষেত্রে দলীয় লোকজন দিয়ে লুটপাটের ক্ষেত্র তৈরি করে চলেছে। প্রত্যেক এলাকায় বালু মহাল, খাল, বিল, টেন্ডার ও হাটবাজার দখলবাজি চালাচ্ছে দলটির নেতাকর্মীরা।” হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা ছিল আজ নেই, বিএনপি আজ আছে আগামীতে নাও থাকতে পারে। এনসিপি বা জামায়াতে ইসলামীও না থাকতে পারে; কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে।” বক্তব্য শেষে তিনি স্থানীয় সরকার নির্বাচনে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ ও পৌরসভা মেয়র পদপ্রার্থী শিহাব হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, “দেশের ১৪০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই দেশে ফ্যাসিবাদের হামলা এখনও চলছে। এটি অব্যাহত থাকলে আগামী দিনে আপনাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে ইনশাআল্লাহ! বর্তমান তরুণ-তরুণী সবার বুকে আছে ওসমান হাদীর বিশ্বাসের স্বপ্ন ও আগামীর স্বপ্ন। তাই আগামীতে যে লড়াই হবে, সেটি হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে।” তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংস্কারের নামে প্রতারণাকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক রহমান মুজাহিদ এমপি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী শিহাব হোসেন প্রমুখ। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে জুলাই পথযাত্রার এই সমাবেশে এনসিপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।