চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আতাহার বুলনপুরে মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স আদর্শ গ্রুপের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬১৩৫) এবং একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মো. শিশির (২০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত শিশিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা এলাকায়।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী মো. তাজ (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপরদিকে গুরুতর আহত তাজকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

