শহিদুল আলমঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী বাজারের পাশে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুর একতলা পাকা বসতবাড়িতে এক পরিকল্পিত ও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ১৭ জুলাই) গভীর রাতে এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ছয় কক্ষের বাড়িটির একাংশ প্রথমে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ঘরে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল লুট করে অবশিষ্ট অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শনিবার ভোর ৬টা ৮ মিনিটে খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪টি কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটি বর্তমানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা লাভলু আত্মগোপনে থাকায় এবং তার বৃদ্ধা মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ও শূন্য ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়িটি থেকে মাত্র ৩০ ফুট দূরে কাঁঠালতলী পুলিশ ফাঁড়ি অবস্থিত। গভীর রাতে বুলডোজারের বিকট শব্দ শুনে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা উল্টো পুলিশকে ধাওয়া করে। ফলে নিরাপত্তার স্বার্থে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
হামলার আগে কাঁঠালতলী বাজার ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় স্থানীয় কেউ যাতে ভিডিও ধারণ করতে না পারে, সেজন্য বেশ কয়েকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় হামলাকারীরা। লাভলুর ভাই মশিউর রহমান বাবলু কাজী ফেসবুকে ভাঙচুরের ভিডিও ও ছবি প্রকাশ করে লিখেছেন, প্রশাসনের কাছে বারবার আকুতি জানিয়েও কোনো সাহায্য মেলেনি।
লাভলু কাজীর স্ত্রী মেহেরুন্নেছা শিল্পী অভিযোগ করেন, পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে পলাশ হাওলাদার এবং সাবেক সভাপতি মনির খন্দকারের নেতৃত্বে আড়াইশ মানুষের একটি দল এই হামলা ও লুটপাট চালিয়েছে। এসি, ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুটে নেওয়া হয়েছে।
হামলার মূল অভিযুক্ত বিএনপি নেতা শাহীন চৌধুরী এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে দাবি করেন, তিনি ওইদিন ঢাকা থেকে মাত্র এলাকায় ফিরেছেন এবং এ বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি উল্লেখ করেন, ২০০৩ সালে পাবলিক লাইব্রেরির জন্য রেজিস্ট্রি করা সরকারি জমি অবৈধভাবে দখল করে লাভলু এই বাড়িটি বানিয়েছিলেন। অন্য অভিযুক্ত মনির খন্দকারও একই দাবি করেন।
দেশের বাইরে থাকায় আলতাফ হোসেন চৌধুরীর সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানান, এই ঘটনার সাথে তার দূরতম কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু মুন্সী সাফ জানিয়ে দিয়েছেন, দল কোনো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও জানিয়েছেন, বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষ আতঙ্কে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না।
তিনি আরও জানান, ওই জমির মালিকানা সংক্রান্ত একটি বিতর্কিত আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করছেন। তবে সরকারি জমি হলেও আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে বাড়ি গুঁড়িয়ে দেওয়া ও অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মির্জাগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

