২২-এর বিশ্বকাপে ১৪০ কোটির মেগা দুর্নীতি: তদন্তের ঘোষণা তথ্যমন্ত্রীর, ২৬-এ সম্প্রচার ব্যয় ‘শূন্য’

0
২২-এর বিশ্বকাপে ১৪০ কোটির মেগা দুর্নীতি: তদন্তের ঘোষণা তথ্যমন্ত্রীর, ২৬-এ সম্প্রচার ব্যয় 'শূন্য'

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের নামে প্রায় ১৪০ কোটি টাকার বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, এই মেগা লোপাটের ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক তথ্য ফাঁশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, “গত বিশ্বকাপে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) প্রকৃত পাওনা ছিল ৩.২ মিলিয়ন ডলার (প্রায় ৩৮ কোটি টাকা)। এই অর্থ পরিশোধের পর বাকি প্রায় ১৪০ কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী সিন্ডিকেটের লুটপাটের কেন্দ্রবিন্দু।”

বিগত সরকারের আমলের সেই বিপুল অপচয় ও দুর্নীতির খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এক যুগান্তকারী ও সাশ্রয়ী পরিকল্পনার কথা জানান তথ্যমন্ত্রী। তিনি দাবি করেন, যথাযথ ও স্বচ্ছ ব্যবস্থাপনার কারণে আগামী ২০২৬ সালের জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সম্প্রচারে সরকারের আর্থিক ব্যয় প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

এবার ফিফার নির্ধারিত ৩.৮ মিলিয়ন ডলারের মূল পাওনা সম্পূর্ণ ‘সাবলাইসেন্সিং’ (Sub-licensing) বা বেসরকারি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে সম্প্রচার স্বত্ব বণ্টনের মাধ্যমে আগেই তুলে আনা হয়েছে। এর বাইরে সম্প্রচার সংক্রান্ত আনুষঙ্গিক যে ২ থেকে ৩ কোটি টাকা ব্যয় রয়েছে, তাও একই স্বচ্ছ পদ্ধতিতে বাজার থেকে উঠে আসবে বলে আশা করছে মন্ত্রণালয়। এর ফলে রাষ্ট্রীয় তহবিল থেকে বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী কেবল ক্রীড়া সম্প্রচারই নয়, পূর্ববর্তী সরকারের আমলের সামগ্রিক দুর্নীতির খতিয়ানও টেনে আনেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শুধু গণমাধ্যম বা সম্প্রচার খাতে নয়, বিদ্যুৎ খাতের মতো সংবেদনশীল জায়গাতেও বিশেষ আইন (দায়মুক্তি বা ইনডেমনিটি অ্যাক্ট) তৈরি করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ঢালাও সুযোগ সৃষ্টি করেছিল, যার দায় এখন জনগণকে বইতে হচ্ছে।

আগামী ২০২৬ সালের উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপকে সামনে রেখে তথ্য মন্ত্রণালয় আধুনিক রূপরেখা তৈরি করছে। জহির উদ্দিন স্বপন জানান, আসন্ন বৈশ্বিক এই মহোৎসব দেশের দর্শকদের কাছে নিখুঁতভাবে পৌঁছে দিতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিকায়ন কয়েক গুণ বাড়ানো হচ্ছে। এবারের মূল লক্ষ্যই হলো— নূন্যতম বা শূন্য ব্যয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় মুনাফা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা।