হবিগঞ্জে অ্যালকোহল সেবনে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

0
হবিগঞ্জে অ্যালকোহল সেবনে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যালকোহলজাতীয় বিষাক্ত ‘হোমিওপ্যাথিক তরল’ পান করে স্বামী-স্ত্রীসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং নিজ বাড়িতে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে পান করেন তাঁরা। সেবনের পরপরই সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বুধবার ও বৃহস্পতিবার একে একে তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের সুদেব দাস (৬০) ও সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২) ও তাঁর স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে ও নিজ বাড়িতে তাঁদের মৃত্যু ঘটে, সুজিত দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রঞ্জিত কুড়ি: আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নন্দলাল ও সুবি রবিদাস নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সুদেব দাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করা হয়, পরবর্তীতে তাঁর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশকে না জানিয়েই নিহত চারজনের মরদেহ স্বজনরা দাহ করে ফেলেন। শুধু সুদেব দাসের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, “বিষাক্ত অ্যালকোহলের উৎস কী ছিল, এতে প্রাণঘাতী উপাদান ছিল কিনা এবং এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট এলেই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে ঠিক কী উপাদানের ক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।