কলাপাড়া প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে৷ গতকাল রাত নয়টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন/ দক্ষিন পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেক দেখিয়ে যেতে বলা হয়েছে।
জেলে আ: রহিম বলেন, একদিকে এনজিওর লোনের টাকা,তারপর ভরফ সমস্যায় সাগরে যেতে পারছিনা এখন আবার সাগরে সিগনাল।আমরা গরীবরা মনেহয় না খেয়ে মরে যাবো।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, একদিকে বিদ্যুৎ লোডশেডিংএ ভরফ উৎপাদন ব্যাহত হওয়ায় জেলেরা সাগরে যেতে পারছেনা,তার এখন আবার আবহাওয়া খারাপ।মৎস্য ব্যবসায় জড়িত যারা তাদের কপালে এবছর কি আছে আল্লাহই ভালো জানে।সকল জেলেদের সতর্কতার সহিত মাছ ধরতে বলা হয়েছে।

