
জয়নাল আবেদীন: দীর্ঘদিন ধরে কার্যকর পরিচালনা পর্ষদ না থাকায় অচল হয়ে পড়া ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরিকে পুনরায় প্রাণবন্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে লাইব্রেরি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় লাইব্রেরির প্রায় একশত আজীবন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সূচনা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, যিনি লাইব্রেরির বর্তমান চিত্র ও সভার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা রংপুর পাবলিক লাইব্রেরির পুরোনো ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধির জন্য নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
আলোচনায় অংশ নেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, লিয়াকত আলী বাদল, পার্থ বোস, কবি ও লেখক আনোয়ারুল ইসলাম রাজু, ছড়াকার মৌসুমী সরকার ঋতা, গীতিকবি এস এম খলিল বাবু, কবি আশরাফ বাবু ও গবেষক রানা মাসুদ, জাকির আহমদ, রশিদুস সুলতান বাবলুসহ অন্যান্য আজীবন সদস্যগণ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য একটি শক্তিশালী ও কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রধান: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM)। সদস্য: জেলা সমাজসেবা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এই নির্বাচন পরিচালনা কমিটিকে আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নতুন কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পাবলিক লাইব্রেরির আসন্ন নির্বাচনে পদের মর্যাদা অনুযায়ী মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে, সভাপতি/সাধারণ সম্পাদকসহ উচ্চ পদ ৫,০০০ টাকা, অন্যান্য প্রশাসনিক পদ ৩,০০০ টাকা, কার্যকরী সদস্য পদ ২,০০০ টাকা
জেলা প্রশাসন ও স্থানীয় সুধীজনদের প্রত্যাশা, নতুন নির্বাচিত কমিটির মাধ্যমে রংপুর পাবলিক লাইব্রেরি তার ঐতিহ্যবাহী পাঠাভ্যাস কেন্দ্রিক ভূমিকায় ফিরে আসবে।
