
জয়নাল আবেদীনঃ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রংপুর পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপুর বাবনপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ প্রোপাগান্ডার ছড়ানোর দল। তারা রাষ্ট্রক্ষমতায় থাকার সময় প্রোপাগান্ডা ছড়িয়েছে। এটি বিশ্বাস করার কোন কারণ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে উপভোগ করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ছিল স্বৈরাচার সরকার। দমন-পীড়ন, মামলা, হত্যা, গুম করা ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা ফিরে আসার জন্য নানা ধরনের কথা বলবে। এসব বিশ্বাস করার কোন কারণ নেই।
এরপর এমপি সাকিলা ফারজানা শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ সরকার, বিএনপি নেতা মিজানুর রহমান লুলুসহ অন্যরা।
